1. »
  2. জাতীয়

পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানের বাসায়

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১১:০৬ এএম | আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১১:০৬ এএম

পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানের বাসায়

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন। এরপর সপরিবারে তিনি উঠবেন রাজধানীর গুলশানে নিজের বাসভবনে। চিকিৎসার জন্য শিগগিরই তিনি বিদেশে যাবেন বলেও জানিয়েছেন।

গতকাল শনিবার সাবেক এই রাষ্ট্রপতি গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাবেন তিনি। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ইতিমধ্যে তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ বলে জানিয়ে তিনি বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশ যাবেন।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। 

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারির পর তিনি আক্রান্ত হন ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিল রোগে, যার ফলে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন তিনি।

সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তাঁর ব্যক্তিগত মালপত্র সরিয়ে নেওয়া হচ্ছিল গুলশানের বাড়িতে। বাড়িটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও ইতিমধ্যে শেষ হয়েছে। 

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সে অনুযায়ী বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। তিনি বঙ্গভবনে অফিস করলেও থাকছেন নিজের স্পিকার বাসভবনেই। এ কারণে রাষ্ট্রপতির পদ গ্রহণের আগে থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর বেলা সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে জিয়ারত করবেন।