ইন্টারসেপ্টর মিসাইলের মজুত সংকটে থমকে গেছে ইরানে মার্কিন হামলা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৫৩ এএম
টানা দুই সপ্তাহ ধরে ইরানে হামলা চালানোর পর গত দুই দিন ধরে সব ধরনের বিমান হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানে বিমান হামলা আরও জোরদার করা হবে। তবে শীর্ষ সামরিক উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকের পর নিজের অবস্থান থেকে সরে আসেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, মিসাইল ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাওয়া নিয়ে গত সপ্তাহে ট্রাম্প ও তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়, যার জেরেই সপ্তাহের শেষদিকে পরিকল্পিত ব্যাপক বিমান হামলা থেকে পিছু হটে ওয়াশিংটন।
দুটি পৃথক সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে পরিস্থিতি ব্যাখ্যা করেন। তার সতর্কবার্তা ছিল— যুক্তরাষ্ট্র চাইলে ইরানে বড় ধরনের আক্রমণ চালাতে সক্ষম, তবে তেমনটি হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত সংকটজনক পর্যায়ে নেমে যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, লাগাতার হামলা চালিয়ে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা যাবে কি না, তা নিয়েও হোয়াইট হাউসে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বরং সাম্প্রতিক হামলার ফলে ইরানিদের মধ্যে জাতীয়তাবাদী ঐক্য আরও জোরদার হয়েছে এবং বিদেশি হুমকি মোকাবিলায় তারা আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়েছে বলেও মনে করছেন কর্মকর্তারা।
উল্লেখযোগ্য বিষয় হলো, এমন কৌশলগত সংশয়ের মধ্যেই গত শুক্রবার ও শনিবার (২৫ জুলাই) রাতে ইরানি ভূখণ্ডে নতুন করে কোনো হামলা চালায়নি মার্কিন বাহিনী।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
আরও পড়ুন
- সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
- ইরানে টানা ১৩ রাত মার্কিন হামলা, জবাবে কঠোর প্রতিশোধের হুশিয়ারি
- প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন করে মার্কিন শুল্ক আরোপ
- ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনায় মোদির বার্তা
- দিল্লিতে ফের পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, বন্ধ মোবাইল ইন্টারনেট
- আটকের পর রাহুল গান্ধীর পাঁচ দফা দাবি
- ইরানের টানা ১১ রাত যুক্তরাষ্ট্রের হামলা