1. »
  2. জাতীয়

হজ ব্যয় কমাতে সৌদি দূতাবাসে ধর্মমন্ত্রীর বৈঠক, প্রটোকল নিয়ে আলোচনা

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:২৯ এএম

হজ ব্যয় কমাতে সৌদি দূতাবাসে ধর্মমন্ত্রীর বৈঠক, প্রটোকল নিয়ে আলোচনা

২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের অতিরিক্ত ব্যয় কমানোর উদ্যোগে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তবে এই বৈঠককে ঘিরে কূটনৈতিক অঙ্গনে প্রটোকল অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ২০ জুলাই রাজধানীর গুলশানে অবস্থিত সৌদি দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎ করেন ধর্মমন্ত্রী। সেখানে ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ‘ব্যাকআপ আবাসন’ ১ শতাংশ বহাল রাখার অনুরোধ জানানো হয়। কারণ, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই হার ২ শতাংশ নির্ধারণ করায় সম্ভাব্য ব্যয় বাড়ার আশঙ্কা দেখা দিয়েছিল।

তবে বৈঠকের স্থান নির্বাচন নিয়েই মূলত আলোচনা তৈরি হয়েছে। বর্তমান ও সাবেক কূটনীতিকদের মতে, রাষ্ট্রীয় বা দাপ্তরিক আলোচনার ক্ষেত্রে সাধারণত বিদেশি রাষ্ট্রদূত মন্ত্রীর কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন। প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সময় ও স্থান নির্ধারণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠক সম্পর্কে তাদের আগে থেকে জানানো হয়নি। পরবর্তীতে বিষয়টি তাদের নজরে আসে। প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কূটনীতিকদের মতে, হজযাত্রীদের ব্যয় কমানোর উদ্যোগ ইতিবাচক হলেও রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনায় প্রটোকল মেনে চলা জরুরি। তাদের পরামর্শ, এ ধরনের বৈঠক মন্ত্রীর দপ্তর বা উভয় পক্ষের সম্মত নিরপেক্ষ স্থানে হলে এ ধরনের বিতর্ক এড়ানো যেত।

এদিকে ধর্মমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধর্ম মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর একটি। হজ-ওমরাহ ছাড়াও জনশক্তি রপ্তানি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে। তাই দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে কূটনৈতিক প্রটোকল যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।