1. »
  2. আন্তর্জাতিক

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনায় মোদির বার্তা

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:২০ এএম | আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:২০ এএম

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনায় মোদির বার্তা

দীর্ঘ ২৬ দিন ধরে চলা অনশনের অবসান ঘটালেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে টানা অনশন ভাঙেন তিনি। অনশন ভাঙার খবর জানার পরপরই তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে অনশনে বসেছিলেন ওয়াংচুক।

এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতেই তিনি অবশেষে অনশন ভাঙেন। 

তার ভাষায়, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য ব্যক্তিগতভাবে এসে কিংবা চিঠির মাধ্যমে তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন। বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নেন।

শর্তগুলোর বিস্তারিত শিগগিরই একটি পৃথক ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন বলে জানান ওয়াংচুক। পাশাপাশি কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না ছড়ায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ওয়াংচুক অনশন ভাঙার পরপরই এক্সে পোস্ট দেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত আগের ওজন ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি।’ 

পোস্টে ওয়াংচুকের সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন তিনি।