1. »
  2. খেলার মাঠ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:১৬ এএম | আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:১৬ এএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি

বিশ্বকাপ ফাইনালে হারের রেশ কাটতে না কাটতেই বড় এক বিদায়ের সাক্ষী হলো আর্জেন্টিনা। জাতীয় দলের রক্ষণে প্রায় দুই দশক ধরে ভরসার প্রতীক হয়ে থাকা নিকোলাস ওটামেন্দি ঘোষণা দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। 

গতকাল বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় ইতি টানলেন নিজের ১৭ বছরের জাতীয় দল-অধ্যায়ের।

২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট বলে আগেই জানিয়ে রেখেছিলেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারা ফাইনালটিই শেষ পর্যন্ত হয়ে থাকল আকাশি-সাদা জার্সিতে তার শেষ ম্যাচ। বিদায়বেলায় আর্জেন্টিনার জার্সিতে তার মোট ম্যাচসংখ্যা দাঁড়াল ১৩৯।

ওটামেন্দি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যটাই এমন যে আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। কাঙ্ক্ষিত ফল না পেলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি—এই দল শেষ সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চটা দিয়েছে।’

দেশের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই জার্সি গায়ে তোলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং কখনো বিশ্বাস না হারিয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তিনি।

তরুণ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশে বার্তায় তিনি লেখেন, বিশ্বাস হারানো চলবে না, মাথা উঁচু রেখে লড়াই চালিয়ে যেতে হবে, আর কোনো পরাজয়ই যেন স্বপ্ন কেড়ে নিতে না পারে। ইতিহাসের পরবর্তী অধ্যায় লেখার দায়িত্ব এখন তাদেরই বলে মন্তব্য করেন তিনি।

দীর্ঘ এই পথচলায় ২০২২ কাতার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছেন ওটামেন্দি। লিওনেল মেসিদের সঙ্গে গড়ে তুলেছিলেন আর্জেন্টিনার অন্যতম সফল প্রজন্ম।

জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন ওটামেন্দি। ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে ১৬ বছরের সফল অধ্যায় শেষে সম্প্রতি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে।

সূত্র: রয়টার্স