1. »
  2. আবহাওয়া

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:১২ এএম | আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:১২ এএম

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের ১০টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাস বলছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়ে যেতে পারে এই ঝড়ো হাওয়া। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দিনভর বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে এবং এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার।