1. »
  2. আবহাওয়া

চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:০৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:০৫ এএম

চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।