ইরানের টানা ১১ রাত যুক্তরাষ্ট্রের হামলা
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:৪১ এএম
ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে টানা ১১তম রাতেও হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসব আক্রমণ আরও জোরদার হয়েছে বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়—হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর যে হুমকি তৈরি হয়েছে, তা মোকাবিলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের মূল লক্ষ্য।
সেন্টকমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১১টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়। পরে আরেকটি বার্তায় জানানো হয়, বুধবার রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত এই অভিযান অব্যাহত ছিল।
এ সময় ইরানের সামরিক অপারেশন সেন্টার, নৌ-সামরিক স্থাপনা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সরবরাহ সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
সেন্টকম দাবি করেছে, গত তিন মাসে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে তারা জানায়, ‘উসকানিহীন এসব আক্রমণের কারণে শত শত নাবিকের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল ব্যাহত হচ্ছে।’
মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, চলতি বছরের মে মাসের শুরু থেকে তারা হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯০০টি জাহাজকে নিরাপদে চলাচলে সহায়তা দিয়েছে। এর ফলে প্রায় ৪৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন সম্ভব হয়েছে।
আরও পড়ুন
- আটকের পর রাহুল গান্ধীর পাঁচ দফা দাবি
- মোদির বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
- কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- যুদ্ধ না সংলাপ, চূড়ান্ত সিদ্ধান্ত মোজতবা খামেনির হাতে: আরাগচি
- টানা নবম রাতে ইরানে মার্কিন হামলা
- যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা কখনো ভুলবে না : মোজতবা খামেনি
- মার্কিন সেনা নিহতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলা
- এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত