1. »
  2. স্বাস্থ্য

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৬:০০ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৬:০০ পিএম

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গজনিত মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার শিশুর প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে, আর হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮ জনের শরীরে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এই চারটি মৃত্যুর কোনোটিই নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কারণে ঘটেনি— সবই উপসর্গজনিত।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ শিশু, আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। দুই মিলিয়ে চার মাসের বেশি সময়ে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭৯৭ শিশুর।

একই সময়ে ১৩০টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৮৭৮ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২১৮ শিশু, আর ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ৮৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা মোট ১ লাখ ১৯ হাজার ৪৪৮, যাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১৪ হাজার ৭০৮ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।