জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ০৩:৫৬ পিএম | আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ০৩:৫৬ পিএম
জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় পরিবারটির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়, এরপর শিশুটির চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এবং পরিবারের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ সোমবার (২০ জুলাই) একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে যাওয়া এই দলটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে শিশুটির চিকিৎসা নিয়ে আলোচনা করে এবং চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেয়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আনিফার শারীরিক অবস্থা, চিকিৎসা-সংক্রান্ত নথি ও পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। পর্যালোচনা শেষে বিশেষজ্ঞরা মত দেন, শিশুটির রোগের অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন।
মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে পৌঁছালে আনিফার জটিল রোগের বিষয়টি তাদের সামনে তুলে ধরা হবে। দেশীয় বিশেষজ্ঞদের সঙ্গে চীনা দলের যৌথ পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক হবে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধি দলের সদস্যরা এ সময় আনিফার পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সহমর্মিতা ও শুভকামনার বার্তাও পৌঁছে দেন তাঁরা।
আরও পড়ুন
- সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
- শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
- পাঁচ দিনের তুরস্ক সফরে সেনাপ্রধান
- নৌবাহিনীর প্রধান হলেন মিসবাহ উল আজীম
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক
- মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করছে সরকার : প্রধানমন্ত্রী
- বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর