1. »
  2. আবহাওয়া

সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ০৩:৫৬ পিএম | আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ০৩:৫৬ পিএম

সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টিও হতে পারে বিভিন্ন অঞ্চলে। 

আজ সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং তার বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এ ছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একাংশ প্রসারিত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলায়, ১০১ মিলিমিটার। এ ছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, ২২ ডিগ্রি সেলসিয়াস।