1. »
  2. জাতীয়

শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১২:৩৩ পিএম | আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১২:৩৩ পিএম

শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। 

আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এ প্রেক্ষাপটে আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী বলেও জানান তিনি। জবাবে প্রধানমন্ত্রী আইএলওর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আলোচনায় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার প্রসঙ্গও। এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আইএলও মহাপরিচালক একে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলে অভিহিত করেন। স্বল্প সময়ে অন্যান্য কূটনৈতিক সাফল্যের জন্যও তিনি সরকারের প্রশংসা করেন।

বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়েও মতবিনিময় হয়। অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নেও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালকও বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ এবং শ্রমখাতের উন্নয়নে একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তর জেনেভার মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।

সূত্র: বাসস