1. »
  2. জাতীয়

নৌবাহিনীর প্রধান হলেন মিসবাহ উল আজীম

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ০৬:৪০ এএম | আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ০৬:৪০ এএম

নৌবাহিনীর প্রধান হলেন মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান একই দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি ২০২৩ সালের ২৪ জুলাই থেকে এই পদে রয়েছেন।

খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং তার ব্যাচ (৮৭এ)-এ মেধা ও জ্যেষ্ঠতা—দুই ক্ষেত্রেই প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনেও তিনি উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন। 

এছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ও চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে আরও দুটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য তিনি রাষ্ট্রপতির ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পান।

দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ কর্মকর্তা।