1. »
  2. খেলার মাঠ

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্যে নতুন রেকর্ড

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ০৬:৩০ এএম | আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ০৬:৩০ এএম

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্যে নতুন রেকর্ড

আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে ঘিরে টিকিটের বাজারে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ২০২৬ আসর। 

আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার আগেই এই ম্যাচের টিকিট পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া-টিকিটে।

মার্কিন টিকিট প্ল্যাটফর্ম টিকপিকের হিসাবে ফাইনালের গড় ক্রয়মূল্য এখন ১১ হাজার ৩২৭ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ টাকা। ফোর্বসের প্রতিবেদন বলছে, সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬ হাজার ৯৪৩ ডলার—সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর আগে যা ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর দাম বরং কিছুটা কমেছে। সবচেয়ে দামি টিকিট বিক্রি হয়েছে ২৮ হাজার ৪৭৯ ডলারে (মেটলাইফের ১১৫এ সেকশন)—দুটি আসনের মোট দাম ৫৬ হাজার ৯৫৮ ডলার।
যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে গড় টিকিটমূল্যের নিরিখে এখন শীর্ষে বিশ্বকাপ ফাইনাল। এর তুলনায় অন্য বড় আসরগুলো কতটা পিছিয়ে, তা নিচের হিসাবে স্পষ্ট:

আসরগড় টিকিটমূল্যবিশ্বকাপ ফাইনাল ২০২৬১১,৩২৭ ডলারসুপার বোল এলভিআইআইআই (২০২৪)৯,৪১১ ডলারসুপার বোল এলভি (২০২১)৭,৩১৩ ডলারসুপার বোল এলআইভি (২০২০)৬,৫৪৬ ডলারএনবিএ ফাইনাল গেম-৩, ২০২৬ (নিকস-স্পার্স)৬,৩০৮ ডলার

ফাইনালের বিপরীতে ফ্রান্স-ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট মাত্র ৯০০ ডলারের কাছাকাছি। ইংল্যান্ড সেমিফাইনালে হারার পর এই ম্যাচের টিকিটের দাম প্রায় ৩০০ ডলার কমেছে।

টুর্নামেন্ট শুরুর সময় গড় টিকিটমূল্য ছিল মাত্র ১ হাজার ৬২২ ডলার, সেমিফাইনালে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলারে। ফাইনালের প্রাথমিক সর্বোচ্চ দাম ফিফা নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার, যা এখন ছাড়িয়ে গেছে বাজারদর। তবে পুরো টুর্নামেন্টে দাম কেবল বাড়েনি—স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের আগে যুক্তরাষ্ট্র ও পর্তুগাল বিদায় নেওয়ায় সেই ম্যাচের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল।

ফিফা একবারে সব টিকিট না ছেড়ে পুরো টুর্নামেন্ট জুড়ে ধাপে ধাপে টিকিট ছেড়েছে, আর যুক্তরাষ্ট্রের ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে দাম বেড়েছে লাগামহীনভাবে। ফলে এই বিশ্বকাপ সাধারণ দর্শকের নাগালের বাইরে চলে গিয়ে ধনীদের আসরে পরিণত হয়েছে বলে সমালোচনা উঠেছে। 

এই ক্ষোভের মুখে ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রি পদ্ধতি ও মূল্যনীতি নতুন করে পর্যালোচনা করা হবে।