মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করছে সরকার : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১০:৩১ এএম
দেশের নারী শিক্ষায় মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রাইমারি পর্যায়ে যেভাবে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, একইভাবে উচ্চশিক্ষায় ভালো ফলাফলকারী মেয়েদের স্কলারশিপ দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার শিক্ষা উন্নয়নে অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের প্রাইমারি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা যেন আরও ভালো খাবার পায়, সেজন্য মিডডে মিল নিয়ে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মানুষ করার কারিগর তারাই। কোনো শিশু যেন প্রাণী বা পশু-পাখির প্রতিও নির্দয় হয়ে না বেড়ে ওঠে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশ গড়তে মানবিক সৈনিক দরকার, আর শিক্ষকরাই সেই মানবিক সৈনিক তৈরি করবেন। শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। সূচনা বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। দেশজুড়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থী এবং শিক্ষায় বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানের মাঝে ‘মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক’ বিষয়ে খুদে শিক্ষার্থীদের দুটি দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা এবং পরে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা প্রধানমন্ত্রী অতিথি আসনে বসে উপভোগ করেন।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। শিশুদের প্রতি বছর বর্ষাকালে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ ও শিশু একসঙ্গে বড় হবে এবং গাছ হবে তাদের বন্ধু, যার ছায়ায় বসে তারা ক্লান্তি দূর করে শান্তি পাবে।
‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় অনুষ্ঠানস্থলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে এবং ছোট ছোট কাজে একে অপরকে সাহায্য করতে আহ্বান জানান। এর আগে একটি বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি ‘গ্রিন স্কুল’ বা সবুজ বিদ্যালয় কর্মসূচির উদ্বোধন করেন এবং পরে প্রদর্শনী ঘুরে দেখেন।
আরও পড়ুন
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক
- বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রাথমিক শিক্ষা পদক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
- শিক্ষার্থীদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের পাশাপাশি প্রয়োজনে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত
- বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার
- ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের