নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ০৩:১১ পিএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ০৩:১১ পিএম
নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মোচড়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার লিজা আক্তার। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার প্রধান আসামি শিশুটির আপন চাচি লতা বেগম এখনও পলাতক। অন্য আসামিরা হলেন লতা বেগমের স্বামী কাউসার মিয়া ও তার বাবা আলমাস মিয়া। এই দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, রাতে মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লতা বেগমকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিশুটির পায়ের বর্তমান অবস্থা যাচাইয়ের জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি এলাকার জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির সন্তান রিজিক জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিল।
এ সময় বাড়ির কাজকর্ম নিয়ে সাময়া আক্তারের সঙ্গে তার জা লতা বেগমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পুলিশ জানায়, এই পারিবারিক কলহের জেরেই ক্ষোভের বশে লতা বেগম শিশুটির পা মোচড় দেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পা মোচড়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে শিশুটির বাবা-মা দাবি করেছেন, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করে শিশুর পা ভেঙে যাওয়ার মতো দেখানো হয়েছে, বাস্তবে এমনটি ঘটেনি।
এ বিষয়ে ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলেছেন তিনি। তারা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি, তবে পারিবারিক কলহের জেরে শিশুটিকে নির্যাতন করা হতো।
ভিডিওটি ঠিক কীভাবে ও কার মাধ্যমে ভাইরাল হলো, তা নিয়েও তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮
- নওগাঁয় জামায়াত আমিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
- বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, ডুবছে নিম্নাঞ্চল
- ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
- বরিশালে বালুর বস্তায় লুকানো বোমা বিস্ফোরণ, দগ্ধ ৩
- কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ