বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:৫২ এএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১১:৫২ এএম
“যেখানে থাকো, যেখানে পড়ো, সেখানে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাও”— শিক্ষার্থীদের উদ্দেশে এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে অভ্যস্ত করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানের আগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
একটি নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন। সরকারের ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগের অংশ হিসেবে এদিন দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়, যার মাধ্যমে সারাদেশে একযোগে প্রায় ২ লাখ চারা রোপিত হয়।
উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে। যেখানে মনে করবে সেখানেই একটি করে গাছ রোপণ করবে।”
তিনি আরও বলেন, “গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, ওই গাছটি মানুষের কী কী উপকারে আসে—এই বিষয়গুলো তোমরা ইন্টারনেট ঘেঁটে বিভিন্নভাবে রিসার্চ করবে।” এভাবে প্রতি বছর একটি করে গাছ সম্পর্কে নতুন কিছু জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি, পাশাপাশি স্কুলে লাগানো গাছ বড় হলে তা ছায়া দেবে এবং বাসার আশপাশে গাছ লাগালে পরিবেশ ঠান্ডা ও বাতাস সুন্দর হবে বলে জানান।
দিনটিকে স্মরণীয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ একটি স্মরণীয় দিন। আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।”
একই অনুষ্ঠানে ছিল শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার স্বীকৃতিও। সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতা। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায় পর্যন্ত গড়ায়, যাতে অংশ নেয় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী।
বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠদের হাতে এদিন তুলে দেওয়া হয় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে বাছাই করা শ্রেষ্ঠদেরও সম্মাননা জানানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- ‘প্রাথমিক শিক্ষা পদক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
- শিক্ষার্থীদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বরের পাশাপাশি প্রয়োজনে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত
- বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার
- ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
- বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রথমবারের মতো বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান