ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:৪৫ এএম | আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:৪৫ এএম
ব্যাংককের চাতুচাক এলাকার একটি বারে হঠাৎ লেগে যাওয়া আগুনে রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। নিহতদের মধ্যে নারীই বেশি—১৮ জন নারী ও ৯ জন পুরুষ।
স্থানীয় সময় সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, তবে তখন পর্যন্ত অনেকেই ভেতরে আটকা পড়েছিলেন।
জীবন বাঁচাতে কেউ জানালার দিকে ছুটেছেন, কেউ আবার ধোঁয়া থেকে বাঁচতে ভবনের ভেতরের কোণায় আশ্রয় নিয়েছেন।
চোখের সামনে আগুন ছড়াতে দেখে এক পথচারী জরুরি নম্বরে ফোন করেন। পরে সাহসিকতার সঙ্গে জানালার কাচ ভেঙে কয়েকজনকে উদ্ধারও করেন তিনি। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়েই বহু মানুষ দগ্ধ হন।
প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘটনাস্থল থেকে বহু মরদেহ উদ্ধার করা হয়। অনেকে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত। বারের ভেতরে থাকা দাহ্য সাজসজ্জা আগুন দ্রুত ছড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছে।
এছাড়া জরুরি বের হওয়ার পথ যথাযথভাবে খোলা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
উদ্ধার অভিযান এখনও চলছে, আর নিখোঁজদের খোঁজে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা