1. »
  2. আন্তর্জাতিক

স্পেনের আন্দালুসিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১০:৫১ এএম

স্পেনের আন্দালুসিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) এই দুর্ঘটনার তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিভিই।

আন্দালুসিয়ার জরুরি পরিষেবা জানিয়েছে, নিহতদের পার্শ্ববর্তী বেদার পৌরসভার একটি ছোট গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে পাওয়া গেছে আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে। ঘটনাটিকে "মর্মান্তিক" বলে অভিহিত করেছেন আন্দালুসিয়ার স্বাস্থ্য, প্রেসিডেন্সি ও জরুরি অবস্থা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আন্তোনিও সানজ।

আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় কর্তৃপক্ষ এই অঞ্চলের দাবানল মোকাবেলা পরিকল্পনাকে জরুরি পর্যায়ে উন্নীত করেছে। একইসঙ্গে মোতায়েন করা হয়েছে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের (ইউএমই) ১৫০ কর্মী। ঘন ধোঁয়া ও আগুনের কারণে প্রদেশের দুটি প্রধান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

একই দিন বিকেলে দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশের এস্তেপোনা-বেনাহাভিস এলাকায় আরেকটি দাবানল ছড়িয়ে পড়ে, যাতে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক মানুষকে, যাদের মধ্যে ফোর সিজনস অ্যাপার্টমেন্ট থেকেই সরানো হয়েছে প্রায় ৯৬ জনকে। 

বন্ধ করে দেওয়া হয় এপি-৭ মহাসড়কের একাংশও। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় কাজ করছেন প্রায় ১১০ জন কর্মী, সহায়তায় রয়েছে সাতটি হেলিকপ্টার ও একাধিক অগ্নিনির্বাপক বিমান। দাবানলটি এখনো সক্রিয় রয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি, দ্য স্প্যানিশ আই