বান্দরবানের লামায় পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:৩৯ এএম
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পাহাড়ধসের পৃথক দুটি ঘটনায় দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাঁদের পাঁচ বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায়। পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হন। তাঁরা হলেন মো. ইউনুস (৪০), তাঁর স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাঁদের ছেলে মো. সোলেমান (৫)।
স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে একই ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) নিহত হন।
তারা একতলা পাকা ঘরে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাঁদের মরদেহ উদ্ধার করেন।
জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লামার একই এলাকায় পৃথক দুই পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
জেলা পুলিশের পর্যবেক্ষণে বলা হয়েছে, টানা বৃষ্টি অব্যাহত থাকায় বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া এবং জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
পুলিশ আরও জানায়, ঝুঁকিপূর্ণ এলাকার কিছু বাসিন্দা এখনো আশ্রয়কেন্দ্রে যেতে অনাগ্রহী। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে লামা উপজেলার সার্বিক পরিস্থিতির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতির পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে টানা বর্ষণের মধ্যে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- যানজট নিরসনে ঢাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- ফুটবল ম্যাচ দেখা নিয়ে বিরোধ, কুমিল্লায় মাথায় আঘাতে যুবকের মৃত্যু
- ১৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- কক্সবাজারে পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ১১, উদ্ধার অভিযান অব্যাহত
- উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী-শিশুসহ নিহত ৮
- জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় বাড়ছে ঝুঁকি : এফএফডব্লিউসি
- ঢাকাসহ ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই