সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১০:৩১ এএম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারীদের করা আপিল খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এর আগে টানা তিন দিন শুনানি চলার পর রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়েছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া, আর জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। তখন এই আদেশ দিয়েছিল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আলাদা দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে রায় দেয়। প্রায় ১৫ বছর আগে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও বাস্তবায়ন নিয়ে কিছু আইনি জটিলতা থেকে যাওয়ায় ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়। একটি আপিল করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ চার ব্যক্তি, আরেকটি করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন, এবং তৃতীয়টি দায়ের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস করে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তসহ সংবিধানে মোট ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল।
আরও পড়ুন
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
- হত্যা মামলায় হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন
- ব্যভিচার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা