শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১১:২৫ এএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বেলা ১টা থেকে এক ঘণ্টার নামাজের বিরতি থাকবে।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন। সকাল থেকেই এফডিসি এলাকায় প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে প্রার্থীরা রয়েছেন।
অন্য প্যানেলে সভাপতি পদে আছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। এই প্যানেলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউসুফ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১১টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে ২৭ জন প্রার্থী লড়ছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতে গণনা শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না, ফলে এবারের নির্বাচনে নতুন নেতৃত্ব আসতে যাচ্ছে।
আরও পড়ুন
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান