১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে নকআউটে স্পেনের জয়
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১০:৩৮ এএম
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। ২০১০ বিশ্বকাপে নকআউট পর্বে শেষ জয়ের পর অবশেষে আবারও সেই স্বাদ পেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল লা রোজা, পাশাপাশি শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল দলটি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্পেন। মিকেল ওয়ারজাবালের জোড়া গোল এবং পেদ্রো পোরোর একটি গোল ম্যাচে স্পেনের বড় জয় নিশ্চিত করে।
লুইস দে লা ফুয়েন্তের দল শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। লামিন ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো এবং আলেক্স বায়েনার সমন্বিত আক্রমণে বারবার চাপে পড়ে অস্ট্রিয়া।
প্রথমার্ধে ২৯ মিনিটে কর্নার থেকে কুকুরেয়ার শট জালে গেলেও ভিএআরে ফাউল ধরা পড়ায় তা বাতিল হয়। ৩৫ মিনিটে অফসাইডের কারণে লামিন ইয়ামালের আরেকটি সুযোগও নষ্ট হয়।
তবে ৩৬ মিনিটে আর কোনো ভুল হয়নি। পেদ্রির অসাধারণ রান ও পাস থেকে কুকুরেয়ার ক্রস পেয়ে কাছ থেকে গোল করেন ওয়ারজাবাল। স্পেন এগিয়ে থেকেই বিরতিতে যায়।
প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও এসেছিল, কিন্তু আলেক্স বায়েনার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে এবং ফিরতি শটে ইয়ামালের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক শ্লাগার।
দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া আক্রমণে কিছুটা উন্নতি করলেও স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। ৬১ মিনিটে কালাইজিচের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর ৬৬ মিনিটে ম্যাচ কার্যত স্পেনের দখলে চলে যায়। বায়েনার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন পেদ্রো পোরো, যা জাতীয় দলের হয়ে তার প্রথম গোল।
৮৯ মিনিটে আবারও কুকুরেয়ার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন ওয়ারজাবাল। এতে ৩-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে স্পেন।
এই জয়ের মাধ্যমে শুধু শেষ ষোলোই নয়, বরং দীর্ঘ এক নকআউট আক্ষেপেরও অবসান ঘটাল স্পেন। ২০১০ সালের পর বিশ্বকাপে টানা তিন আসরে নকআউট পর্বে জয়হীন ছিল তারা।
অবশেষে ইয়ামাল, পেদ্রি ও নতুন প্রজন্মের হাত ধরে আবারও জয়ের ধারায় ফিরল লা রোজা। শেষ ষোলোয় স্পেনের প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিজয়ী দল।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস