1. »
  2. সমগ্র দেশ

নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:০৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:০৯ এএম

নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

নরসিংদীর রায়পুরা উপজেলায় পুলিশের কাছ থেকে সেলিম মিয়া (৪৫) নামে এক হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ইট নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম মিয়া ওই ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বিকেলে অভিযান চালিয়ে সায়দাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়ার পথে সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে হঠাৎ করে একদল লোক জড়ো হয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীরা এক পুলিশ সদস্যকে ইট দিয়ে আঘাত করে এবং সুযোগ নিয়ে সেলিম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও স্থানীয়রা দাবি করেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, সেলিম মিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেপ্তারের সময় স্থানীয়দের ভিড়ের মধ্যে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলেও তিনি দাবি করেন।