1. »
  2. জাতীয়

নতুন রঙে ফিরল বাংলাদেশ পুলিশ

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:৫৩ এএম

নতুন রঙে ফিরল বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যরা এখন গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরে দায়িত্ব পালন করছেন। 

গতকাল বুধবার (১ জুলাই) থেকে নতুন এই পোশাকে মাঠে দেখা গেছে পুলিশ কর্মকর্তাদের।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে এই নতুন ইউনিফর্ম নজরে আসে। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ছিলেন হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, নতুন পোশাক এখন থেকে কার্যকর হয়েছে। যদিও এখনও সব সদস্য এই ইউনিফর্ম পাননি, পর্যায়ক্রমে সবাইকে সরবরাহ করা হবে। যারা পেয়েছেন, তারা ইতোমধ্যেই নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবি ওঠে। সেই সময় ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। পরবর্তীতে ২০ জানুয়ারি আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। তখন শার্টের রং নির্ধারণ করা হয়েছিল লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর। গত বছরের ২৫ নভেম্বর সেই পোশাকে মাঠে নামে পুলিশ।

তবে সেই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক সদস্য নতুন রং নিয়ে সন্তুষ্ট ছিলেন না এবং বিভিন্ন মহলেও সমালোচনা হয়।

সরকার পরিবর্তনের পর আবারও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর প্রেক্ষিতে ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে।

নতুন নির্দেশনায় শুধু শার্ট-প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক ও মাথার আবরণসহ বিভিন্ন উপকরণের রং পরিবর্তন করা হয়েছে। এখন নীল শার্টের সঙ্গে গাঢ় নীল জার্সি বা পুলওভার ব্যবহারের বিধান রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পর্যায়ে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগরে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই ব্লাউজ পরার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া নারী সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরা সারা বছর পূর্ণহাতা পোশাক পরতে পারবেন। গর্ভাবস্থায় ইউনিটপ্রধানের অনুমতি নিয়ে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

মৌসুমভেদে শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে—গ্রীষ্মে অর্ধহাতা এবং শীতে পূর্ণহাতা শার্ট পরতে হবে। মাথার আবরণ হবে অনুমোদিত গাঢ় নীল রঙের।