শহীদ স্মরণে আজ থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু
বুধবার, ১ জুলাই, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬ ১১:২৩ এএম
জুলাই গণ-অভ্যুত্থানের মাস শুরু হলো আজ বুধবার। ২০২৪ সালের এই মাসেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় স্বৈরাচারী সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে।
জুলাইয়ের শেষার্ধে ছাত্র-জনতার ওপর প্রায় প্রতিদিনই গুলিবর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে। ৩ আগস্ট ছড়িয়ে পড়ে এই বার্তা যে সেনাবাহিনী আর ছাত্র-জনতার ওপর গুলি চালাবে না। পরদিন ৪ আগস্ট রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তারা আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন, এমনকি মিরপুর ও মহাখালী ডিওএইচএসে সেখানকার নিয়ম ভেঙে সাবেক সেনা কর্মকর্তাদের সন্তানরাও সরকার পতনের দাবিতে মিছিলে অংশ নেন।
সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাগুলো আন্দোলনের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়, বিশেষত সেনাবাহিনীর ৩ আগস্টের অবস্থান শেখ হাসিনার পতনকে অনিবার্য করে তোলে। শেষ পর্যন্ত ৫ আগস্ট পতন ঘটে তার সরকারের। আজ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ ও আহত ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে দেশবাসী।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন দিবাগত মধ্যরাতে অর্থাৎ ১ জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এই অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং শ্রদ্ধা নিবেদন করা হবে।
এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ২ থেকে ৮ জুলাই সারা দেশে গ্রাফিতি, দেয়াললিখন ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালিত হবে।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী