নকআউটের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ০৫:০৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ০৫:০৯ পিএম
বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্বস্তির খবর পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোমেরো। সব ঠিক থাকলে শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষেই মাঠে নামতে প্রস্তুত এই সেন্টার ব্যাক।
আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ বত্রিশের ম্যাচে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। নকআউটের এই বাঁচা-মরার লড়াইয়ের আগে রোমেরোর দলে ফেরা কোচ লিওনেল স্কালোনির জন্য বিরাট স্বস্তির খবর। শতভাগ ফিট থাকলে কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই রক্ষণভাগ সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে ২৮ বছর বয়সী এই তারকাকে।
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ডিফেন্ডার। চোটের কারণে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে সাইডবেঞ্চে বসে কাটাতে হয়। রোমেরোর অনুপস্থিতিতে রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে নামিয়েছিলেন স্কালোনি। তবে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
জর্ডান ম্যাচ শেষে স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, নকআউট পর্বের আগেই রোমেরোকে ফিরে পাবেন তিনি। কোচের সেই আশা এবার বাস্তবে রূপ নিল। সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে একদিনের বিশ্রামের পর দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেন রোমেরো। অনুশীলনে তাকে চেনা ছন্দেই দেখা গেছে, যা তার দ্রুত সেরে ওঠার বড় প্রমাণ।
আরও পড়ুন
- নকআউটে ব্রাজিল-জাপান মহারণ আজ
- মেসির গোলে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কেপ ভার্দে
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে, ম্যাচ ৪ জুলাই
- আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল : জাপান কোচ
- জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর
- প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
- স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে প্রতিপক্ষ কোন দল
- ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল