1. »
  2. আইন আদালত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ০৩:৫৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ০৭:০১ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।

এদিন দুপুর পৌনে ২টার দিকে রায় ঘোষণা শুরু হয়। কারাগার থেকে সকালেই ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং দুপুর ১টা ৪২ মিনিটে তাকে এজলাসকক্ষের কাঠগড়ায় তোলা হয়। এর কিছুক্ষণ পরই ২১১ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়, যা সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর রায় পাঠে অংশ নেন।

এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়াসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া। ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছিল, যাতে ছয়জন নিহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইনুর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

তদন্ত সংস্থা ২০২৫ সালের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং ১১ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, আর ২ নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ৩০ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং ১ ডিসেম্বর প্রথম সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুরু হয় চলতি বছরের এপ্রিলে, যা শেষ হয় ১৪ মে। 

সেদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়, পরে ২২ জুন রায়ের দিন হিসেবে ৩০ জুন নির্ধারণ করা হয়।