আনচেলত্তির চোখে ‘ফাইনাল’
নকআউটে ব্রাজিল-জাপান মহারণ আজ
সোমবার, ২৯ জুন, ২০২৬ ১০:৫৯ এএম | আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১০:৫৯ এএম
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজকের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয় পেলেই নিশ্চিত হবে পরবর্তী রাউন্ডে জায়গা, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তিনি জানান, নকআউট পর্বে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তার দল।
আনচেলত্তি বলেন, ‘দল পুরোপুরি মনোযোগী এবং আমরা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি—সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। এই ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ।’
ব্রাজিল দলের অধিকাংশ খেলোয়াড়ই ক্লাব পর্যায়ে নিয়মিত নকআউট ম্যাচ খেলার অভিজ্ঞতা রাখেন। সেই অভিজ্ঞতাকেই বিশ্বকাপ মঞ্চে কাজে লাগাতে চান সেলেসাও কোচ। তিনি মনে করেন, মানসিক দৃঢ়তা, আবেগ এবং পরিষ্কার পরিকল্পনার সমন্বয়ই এনে দিতে পারে সাফল্য।
দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভরসা রেখে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে যারা বড় ম্যাচের চাপ সামলাতে অভ্যস্ত। এ কারণে আমি আত্মবিশ্বাসী।’
তবে প্রতিপক্ষ জাপানকেও সমীহ করছেন তিনি। আনচেলত্তির ভাষায়, ‘জাপান অত্যন্ত শক্ত প্রতিপক্ষ। তাদের যথাযথ সম্মান দিয়েই মাঠে নামতে হবে।’
গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে তারা।
অন্যদিকে, জাপান তিউনিসিয়াকে হারালেও নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে এই পর্বে জায়গা করে নিয়েছে।
ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস জানিয়েছেন, দল এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে আমরা সেরা ছন্দে ছিলাম না, তবে ধীরে ধীরে উন্নতি করছি। এখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে খেলতে নামছি।’
সব মিলিয়ে আজকের ম্যাচটি দুই দলের জন্যই কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, যেখানে সামান্য ভুলই নির্ধারণ করে দিতে পারে ভাগ্য।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস