জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৪৪ এএম
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে নিউ জার্সির ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২–১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ইকুয়েডর। এই জয়ে ২০০৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো নকআউট পর্বে উঠল দলটি। তবে হারলেও গোল ব্যবধানের সুবাদে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান নিয়েই পরের রাউন্ডে গেল জার্মানি।
ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল জার্মানি। লিরয় সানের বক্সের ভেতর থেকে বাঁকানো শটে আসে প্রথম গোল। কিন্তু ৯ মিনিটের মধ্যেই সমতা ফেরান ইকুয়েডরের নিলসন আনহুলো। এরপর জার্মানির সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যায় দলটি, প্রতি–আক্রমণ থেকে তৈরি করে একাধিক সুযোগ। অবশেষে ৭৭ মিনিটে কর্নার থেকে আসা বলে গোল করে ইকুয়েডরকে এগিয়ে দেন ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। এই গোলই হয়ে ওঠে জয়ের ব্যবধান গড়ে দেওয়া গোল।
বিশ্বকাপের ইতিহাসে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে নেওয়া ইউরোপের বাইরের দলগুলোর মধ্যে জাপানের পর দ্বিতীয় দল হলো ইকুয়েডর। পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর পর জার্মানিকে হারানো লাতিন আমেরিকার চতুর্থ দেশ এখন ইকুয়েডর। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে থেকে নকআউটের টিকিট পেয়েছে দলটি।
প্রথম দুই ম্যাচে ভালো খেললেও গোলের মুখ দেখতে পায়নি ইকুয়েডর, পয়েন্ট ছিল মাত্র ১। আইভরিকোস্টের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পর কুরাসাওয়ের বিপক্ষে গোলরক্ষক এলয় রমের ১৫টি দুর্দান্ত সেভে আটকে যায় দলটি। সেই অবস্থা থেকে জার্মানিকে হারিয়ে নকআউটে ওঠার এই কীর্তি ইকুয়েডরের জন্য ঐতিহাসিক এক অর্জন।
হারলেও গ্রুপের শীর্ষস্থান হারায়নি জার্মানি। তাদের পয়েন্টও আইভরিকোস্টের সমান ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে যাচ্ছে দলটি।
আরও পড়ুন
- আর্জেন্টিনাই বিশ্বকাপের সেরা দল : জাপান কোচ
- প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
- স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে প্রতিপক্ষ কোন দল
- ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল
- বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর পেলেন নেইমার
- নকআউট নিশ্চিত হলেও দুশ্চিন্তায় আর্জেন্টিনা
- নতুন সাজে মেসি-ডি পল
- দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা