মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৩৭ এএম
রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। মসজিদের পবিত্রতা ও শৃঙ্খলা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে সাধারণ মুসল্লিরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
গত ২৩ জুন মাগরিবের নামাজের পর এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রমতে, সেদিন জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা চেয়ার-টেবিল নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। ওই সভাতেই ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোহর বাদশার নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল। এ সময় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
মসজিদের ভেতরে দলীয় সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেক নেটিজেন মসজিদকে ‘পার্টি অফিস’ হিসেবে ব্যবহারের চেষ্টার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানান। একজন ফেসবুক ব্যবহারকারী বিষয়টিকে ‘ইসলামের নামে ভণ্ডামি’ বলে মন্তব্য করেন।
আলেম সমাজ বলেন, রাজনৈতিক প্রোগ্রামে সাধারণত গীবত বা সমালোচনা হয়ে থাকে, যা মসজিদের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া চেয়ার-টেবিল নিয়ে সভা করায় মসজিদের সৌন্দর্য ও ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ হয়েছে, যা মসজিদের আদব পরিপন্থী।
মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুজ্জামান শিমুল গণমাধ্যমকে বলেন, তারা সাধারণত মসজিদভিত্তিক প্রোগ্রাম করলেও এমনটি সচরাচর করেন না। মসজিদটি গ্রাম এলাকায় অবস্থিত হওয়ায় এবং সেই সময় লোকসমাগম কম থাকায় সেটি ব্যবহার করা হয়েছিল বলে জানান তিনি।
তিনি বলেন, “ইসলামের দৃষ্টিতে মসজিদ সংসদ হলেও মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। বিষয়টি নিয়ে সমালোচনা আমি নিজেও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, তাই ভবিষ্যতে আমরা এ বিষয়ে সতর্ক থাকব।”
আরও পড়ুন
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী