1. »
  2. জাতীয়
তিস্তাসহ পানি ব্যবস্থাপনায় সহযোগিতায় ঐকমত্য

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:০৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:০৭ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে এ খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লি গোওইং ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক মৌ এবং সাম্প্রতিক সময়ে চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা ও নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহায়তা কামনা করেন। চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, এ খাতে বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


 

আরও পড়ুন