ইরানে যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১১:৫২ এএম | আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১১:৫২ এএম
ইরানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাব অনুসারে ইরানে সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপের আগে কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রস্তাবটি ৫০-৪৮ ভোটে পাস হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে এটি মার্কিন প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছিল।
সিনেটে বর্তমানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছেন। তবে তাদের মধ্যে চারজন দলের বাইরে গিয়ে এ প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর একজন বাদে বাকি সব ডেমোক্রেট সদস্য এতে সমর্থন জানান।
মার্কিন ইতিহাসে এটিই প্রথমবার, যখন যুদ্ধসংক্রান্ত কোনো প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাস হলো। তবে এটি মূলত প্রতীকী একটি পদক্ষেপ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভেটো দেবেন।
দলের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া চার রিপাবলিকান হলেন লুইসিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা মুরকোস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেনটাকির র্যান্ড পল। এ ছাড়া কেনটাকির মিচ ম্যাককনেল এবং পেনসিলভেনিয়ার ডেভ ম্যাককরমিক ভোট দেননি।
ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে আমেরিকান জনগণের জন্য কেবল বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতি বয়ে এনেছেন তিনি। তিনি আরও বলেন, ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের জন্য যুক্তরাষ্ট্রের জনগণকে চড়া মূল্য দিতে হয়েছে এবং এটি আমেরিকার ইতিহাসের অন্যতম নিকৃষ্ট পদক্ষেপ হিসেবে লেখা থাকবে বলে মন্তব্য করেন তিনি।
যুদ্ধ সংক্রান্ত এ প্রস্তাবে ইরানের বিরুদ্ধে শত্রুতা বন্ধ করে মার্কিন সশস্ত্র বাহিনীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেসের অনুমোদন পেলে ট্রাম্প ইরানে সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর ‘আসন্ন কোনো হামলা’ প্রতিরোধের জন্য সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখার অনুমতি দেওয়া হয়েছে।
আইডাহোর রিপাবলিকান সিনেটর জেমস রিশ বলেন, এই প্রস্তাব পাস হলে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় ট্রাম্পের অবস্থান দুর্বল হবে। তাঁর মতে, এটি পাস হলে ইরানিরা আলোচনা ছেড়ে উঠে যাবে এবং বলবে যে কংগ্রেস প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে দিয়েছে, তাই তারা যা খুশি করতে পারে।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স এবং ইপসোসের মঙ্গলবার প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, মাত্র ২৪ শতাংশ আমেরিকান এই যুদ্ধকে যৌক্তিক মনে করেছেন।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা