আন্তর্জাতিক বাজারে আরও কমল তেলের দাম
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:২৭ এএম | আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:২৭ এএম
কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক হওয়ার সুস্পষ্ট লক্ষণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগরে আটকে থাকা বহু তেলের জাহাজ এই নৌপথ দিয়ে বের হতে শুরু করায় বাজারে সরবরাহ সংকট কাটার ইঙ্গিত মিলছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি অবস্থান করছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসেও এই দুটি প্রধান সূচকের দাম প্রায় ১ শতাংশ কমেছিল, যা মার্চ মাসের শুরুর পর থেকে তেলের সর্বনিম্ন বাজারদর।
চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনার পর ইরানকে ৬০ দিনের জন্য তেল বিক্রির ক্ষেত্রে বিশেষ শুল্ক বা নিষেধাজ্ঞা মওকুফ সুবিধা দেওয়া হয়। এর পাশাপাশি লেবাননে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় তেলের বাজার এই চাপের মুখে পড়েছে।
মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রধান অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা এই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের আশা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থা পুনরায় সচল হওয়ার কারণেই অপরিশোধিত তেলের দাম কমেছে। তিনি আরও বলেন, দুই দেশের পরমাণু আলোচনা আরও অগ্রসর হলে তেলের দাম যুদ্ধপূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- ইরানে যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস
- বিমান ভাড়া কমালো মালয়েশিয়া
- কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলদেশি নিহত
- ইরানের বন্দর ও উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- জি৭ সম্মেলনে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান, ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতাকে স্বাগত
- হরমুজ খুলে দেবে ইরান, নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম