1. »
  2. শিক্ষা

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ০৫:০৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ০৫:০৪ পিএম

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বিতর্কিত কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং আরও দুজনকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নাজমুল আহসান কলিম উল্লাহ, আ ক ম জামাল উদ্দীন এবং শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়া চলমান থাকবে।