প্রতিষ্ঠাবার্ষিকীতে আ'লীগের পরিকল্পনা নস্যাৎ করেছে ডিএমপি: কমিশনার
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ০৪:৫২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ০৫:০৫ পিএম
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল, সমাবেশ বা জমায়েত করে সরকারকে বিব্রত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, এই পরিকল্পনা ইতিমধ্যে নস্যাৎ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন কমিশনার।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ বা জমায়েত হওয়ার বিষয়ে তাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন ছিল। এ কারণে গত তিনদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোয় চেকপোস্ট জোরদার করা হয়েছে এবং পিকেট, মোবাইল পেট্রোল ও ফুট পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে ডিউটি ও টহলও বাড়ানো হয়েছে।
তিনি জানান, দলটির কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে জড় হয়ে মিছিল বা জমায়েত করতে পারে—এই সম্ভাবনা বিবেচনায় রেখে মেস, হোটেল ও সন্দেহজনক বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে, এতে কয়েকজন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে।
কমিশনার বলেন, দলটি আজকের দিনে মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল। তবে ডিএমপি সদস্যরা এই পরিকল্পনা এখন পর্যন্ত সফলভাবে নস্যাৎ করে দিয়েছেন এবং বাকি সময়েও দলটি কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত করতে পারবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে কমিশনার বলেন, রাজধানীতে তাজিয়া মিছিল ও বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী