হ্যাটট্রিকের রাতে বাবার অসুস্থতায় কেঁদেছিলেন মেসি
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১১:২৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১১:২৮ এএম
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জাদু দেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দেন তিনি। একই সঙ্গে ভেঙেছেন একাধিক বিশ্বরেকর্ড এবং গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেছেন।
তবে মাঠের উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে ছিল এক ভিন্ন আবেগঘন গল্প। প্রথম গোলটি করার পরই মেসির চোখে জল দেখা যায়, যা ম্যাচ শেষে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দেয়।
ম্যাচ শেষে মেসি জানান, তার এই আবেগের কারণ ফুটবল নয়, বরং ব্যক্তিগত জীবনের কঠিন সময়। তিনি বলেন, ‘সত্যি বলতে, এটি খেলাধুলার বাইরের একটি বিষয়। গত কয়েক দিন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি বলেন, ‘আমার বাবা ভালো নেই। গত কয়েক মাস ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। এই সপ্তাহে তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বিষয়টি আমাকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিচ্ছে।’
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৬৮ বছর বয়সী হোর্হে মেসি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার হৃদরোগ ও স্নায়ুবিষয়ক বিভিন্ন পরীক্ষা করা হলেও পরিবার এখনো বিস্তারিত কিছু জানায়নি।
মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই তার বাবা ছিলেন সবচেয়ে বড় সমর্থক ও পথপ্রদর্শক। অভিভাবকের পাশাপাশি কোচ, পরামর্শদাতা এবং পরবর্তীতে এজেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
উল্লেখ্য, এটি বিশ্বকাপে মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, যা তার দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল জীবনে আরেকটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস