1. »
  2. খেলার মাঠ

ড্র-র গ্লানি নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১০:৩১ এএম

ড্র-র গ্লানি নিয়ে মাঠ ছাড়ল পর্তুগাল

ডিআর কঙ্গোর বিপক্ষে দ্রুত গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি পর্তুগাল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে লিড নেওয়ার পর দলটি আর একটিও গোল করতে পারেনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে কঙ্গোর সমতাসূচক ঐতিহাসিক গোলে ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরোপের শক্তিধর দলটিকে।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও নেভেসের গোলের পর হঠাৎ গতি হারিয়ে ফেলে পর্তুগাল। পুরো ম্যাচে তারা আর একটি শটও টার্গেটে রাখতে পারেনি। উল্টো বিরতির আগে কঙ্গোর পাল্টা আক্রমণে গোল হজম করে রীতিমতো চাপে পড়ে যায় রবার্তো মার্তিনেজের দল।

সবচেয়ে বড় হতাশার নাম ছিলেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ৯০ মিনিটে মাত্র তিনটি শট নেন, কিন্তু কোনোটি থেকেই গোল আসেনি। সমর্থকদের বড় প্রত্যাশা ছিল তাঁকে ঘিরে, কিন্তু তা পূরণে ব্যর্থ হন তিনি।
মাঠ ছেড়ে রোনালদো যা বললেন

ম্যাচ শেষে হিউস্টনের স্টেডিয়ামের মিক্সড জোনে রোনালদো বলেন, "আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারতো।" প্রতিপক্ষের কয়েকটি আক্রমণে হারের শঙ্কা তৈরি হয়েছিল বলেও স্বীকার করেন তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও মুখ খোলেন পর্তুগিজ তারকা। তিনি লেখেন, "আমরা এমন শুরু চাইনি, কিন্তু এটাই শেষ নয়। মনোবল ধরে রাখতে হবে এবং পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।" এই ড্রয়ের পর গ্রুপ পর্বে এখন ঘুরে দাঁড়ানোই পর্তুগালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।