1. »
  2. অর্থ বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৫:১৫ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৫:১৫ পিএম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তির খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ইরানি তেলের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে এটি প্রায় এক-তৃতীয়াংশ কম।
হরমুজ বন্ধে বাজারে অস্থিরতা

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দেয়। দীর্ঘস্থায়ী এই সংঘাতের কারণে সংশ্লিষ্ট দেশগুলোর কৌশলগত তেলের মজুতও বর্তমানে অনেক কমে গেছে।

ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক জানিয়েছেন, ইরানের মোট রপ্তানি বিশ্ব চাহিদার প্রায় ২ শতাংশের সমান হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা থেকে এই ছাড় এখনই কার্যকর হওয়ার সম্ভাবনা কম এবং তা স্থায়ী শান্তির ওপর নির্ভর করবে। আগামী শুক্রবার দুই দেশের মধ্যে চুক্তি সই হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: Wion