1. »
  2. খেলার মাঠ

এক ম্যাচেই মেসির যত রেকর্ড

বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৫:১২ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৫:১২ পিএম

এক ম্যাচেই মেসির যত রেকর্ড

আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জের এই ম্যাচে জয়ের পাশাপাশি একের পর এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করেন মেসি। ২০০৬ সালে শুরু হওয়া তার বিশ্বকাপ যাত্রা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ, যা তাকে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সে গোল করার বিরল রেকর্ড এখন মেসির দখলে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে মাত্র ১৮ বছর ৩৫৭ দিন বয়সে প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন তিনি। আর আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে সবচেয়ে বেশি বয়সি আর্জেন্টাইন হিসেবে গোল করে রেকর্ড বুকে নতুন অধ্যায় লিখলেন লিটল ম্যাজিসিয়ান।

বিশ্বকাপ ফুটবলে এই প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১১তম হ্যাটট্রিক। এতদিন ১০টি হ্যাটট্রিক নিয়ে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যৌথভাবে আন্তর্জাতিক সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক ছিলেন, এখন ১১ হ্যাটট্রিক নিয়ে এই কৃতিত্বে এককভাবে এগিয়ে গেলেন মেসি। পাশাপাশি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে রোনালদোর গড়া সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডও ৩৮ বছর বয়সে ভেঙে দিলেন আর্জেন্টাইন তারকা।

তিন গোল করেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন মেসি। আরও একটি গোলে সরাসরি সহায়তা করলে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও তার দখলে আসবে। বর্তমানে ডিয়েগো ম্যারাডোনার সমান ৮টি অ্যাসিস্ট নিয়ে সেই রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা। 

এছাড়া রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও এই ম্যাচে গড়লেন তিনি। মেসির এই অবিশ্বাস্য সূচনা শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন সমর্থকরা।