1. »
  2. জাতীয়

দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরলেন উপদেষ্টা ডা. জাহেদ

সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৫:৪১ পিএম | আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৫:৪১ পিএম

দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরলেন উপদেষ্টা ডা. জাহেদ

ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ফেরার পর বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকরা দিল্লির ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা থেকে দিল্লি যান উপদেষ্টা। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ঘণ্টাখানেক আটকে রেখে নানা প্রশ্ন করা হয় তাকে। পরে প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও কর্তৃপক্ষের আচরণ 'অসৌজন্যমূলক' হওয়ায় তিনি নিজেই প্রবেশে অস্বীকৃতি জানান এবং তৃতীয় দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তা-সংক্রান্ত নজরদারি তালিকায় ছিল। নিয়মিত তল্লাশির সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে যাচাইয়ের জন্য আটকে রাখেন। পরে প্রশাসনিক ত্রুটি চিহ্নিত ও সমাধান করার পর ছাড়পত্র দেওয়া হয় বলে সূত্রটি জানায়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের একাধিক ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ভারতবিরোধী বক্তব্য প্রচারের অভিযোগে ব্লক করে দেয় ভারত। সেই তালিকায় জাহেদ উর রহমানের নামও রয়েছে বলে জানা গেছে।


 

আরও পড়ুন