1. »
  2. খেলার মাঠ

তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ১০:৫৫ এএম

তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করল স্বাগতিক মেক্সিকো। তিনটি লাল কার্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছে তারা। 

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। মাত্র ৯ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। এবারের বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। বল পজেশনে বেশ এগিয়ে থেকে আরও বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মেক্সিকো। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে ফাউল করায় এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। 

৬৬ মিনিটে রাউল হিমিনেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

৮৪ মিনিটে আরেক মিডফিল্ডার থেম্বা জেওয়ানেও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের যোগ করা সময়ে মেক্সিকোর সেজার মন্তেসও লাল কার্ড দেখেন।