ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ০৩:১৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ০৩:২৩ পিএম
ইরানের তেল পরিবহনের অভিযোগ এনে ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি অকেজো করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনায় তিনজন ভারতীয় নাবিকের মরদেহ এবং ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নিহত তিন নাবিকের পরিচয় শনাক্ত করা গেছে বলে নিশ্চিত করেছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, পালাউ-পতাকাবাহী জাহাজ 'সেটেবেলো' বারবার নির্দেশ অমান্য করায় একটি মার্কিন বিমান থেকে প্রিসিশন মিউনিশন ছুড়ে জাহাজটির ইঞ্জিন কক্ষ ধ্বংস করা হয়।
এই প্রাণহানির ঘটনায় নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ভারত সরকার দিল্লিতে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোয় হামলা বন্ধের দাবি জানিয়েছে।
এদিকে ওমানের শিনাস বন্দরের কাছে 'এমটি জলবীর' নামের আরেকটি জাহাজে নতুন করে হামলার খবর নিশ্চিত করেছে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস। চলতি সপ্তাহে এটি তৃতীয় এমন ঘটনা। জাহাজটিতে ভারতীয় নাবিক ছিলেন কি না তা এখনও স্পষ্ট করেনি দূতাবাস। এর আগে 'এমটি মারিভেক্স' জাহাজেও হামলা চালায় মার্কিন বাহিনী, সেই জাহাজের ২৪ জন ক্রু সদস্যকে ওমানের সামরিক বাহিনী উদ্ধার করে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর এই যুদ্ধের সূচনা হয়। এপ্রিলে দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলেও তা কার্যত ভেঙে পড়েছে। সোমবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান শান্তি চুক্তিতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে।
আরও পড়ুন
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা
- ইরানে হামলা সীমিত করতে মার্কিন পরিষদে প্রস্তাব পাস
- যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান
- চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর