1. »
  2. জাতীয়

প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ০২:২২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ০২:২২ পিএম

প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক মঙ্গলের কথা মাথায় রেখে এবং জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য নিয়ে নতুন অর্থবছরের বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটের প্রতিটি বিষয় নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে বাজেট উপস্থাপিত হচ্ছে, তাই এ বাজেট নিয়ে জাতির প্রত্যাশা অনেক বেশি। জনগণের সেই চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে ধারণ করেই বাজেট সাজানো হয়েছে।

আমির খসরু বলেন, একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অবস্থা থেকে জাতীয় অর্থনীতিকে প্রথমে স্থিতিশীলতার পথে আনা এবং পরবর্তীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য এই বাজেটে প্রতিফলিত হয়েছে। সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করে দেশের সব স্তরের মানুষকে নিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী আরও জানান, এবারের বাজেটের প্রধান বৈশিষ্ট্য হলো এর সর্বজনীনতা। দেশের সব নাগরিককে অর্থনীতির মূল ধারায় অন্তর্ভুক্ত করা এবং উন্নয়নের সুফল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি গড়ার লক্ষ্য নিয়েই এই বাজেট চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন