দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:২৮ এএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।
'অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ' প্রতিপাদ্যে প্রণীত এই বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। অবকাঠামোর চেয়ে মানবসম্পদে বেশি গুরুত্ব দেওয়ায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
আগামী অর্থবছরে জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।
বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে। ২৫ লাখ নাগরিকের জন্য 'ই-হেলথ কার্ড' কর্মসূচি চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। যুবসমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
ব্যবসা পরিচালনা সহজ করতে লাইসেন্স, অনুমোদন ও কর ব্যবস্থাপনায় সংস্কারের পাশাপাশি 'বাংলাবিজ' নামে একটি ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এনবিআরের কার্যক্রম আরও ব্যাপকভাবে অনলাইনে আনা, কর রিটার্ন অনলাইনে দাখিল এবং সরাসরি ব্যাংক হিসাবে কর ফেরতের ব্যবস্থা চালুরও প্রস্তাব আসতে পারে।
তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, চলতি মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছানোর প্রেক্ষাপটে তা ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা কঠিন হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগে গতি না এলে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা মনে করেন।
আরও পড়ুন
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী
- মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদে মন্ত্রিপরিষদের বিশেষ সভা শুরু
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- দেশের অর্জিত গৌরব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শহীদ পরিবারকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী