1. »
  2. খেলার মাঠ

মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

বুধবার, ১০ জুন, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ১০:৫০ এএম

মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

পেশির চোটের ধকল সামলে বিশ্বকাপের আগে মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর ফিরেই পেনাল্টি থেকে গোল করে ৮৮ হাজার দর্শকের জর্ডান-হেয়ার স্টেডিয়ামকে মাতিয়ে দিলেন আর্জেন্টাইন এই তারকা। প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মহড়া সেরে নিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের আলাবামার অবের্ন শহর এদিন রূপ নিয়েছিল মিনি বুয়েনস আইরেসে। খেলা শুরু থেকেই গ্যালারিজুড়ে ছিল কেবল একটাই প্রশ্ন — মাঠে নামবেন তো মেসি? অবশেষে ৭০ মিনিটে সাইডলাইনে দাঁড়িয়ে জার্সি গুছিয়ে নেওয়ার দৃশ্যে হুড়মুড় করে উঠে দাঁড়ায় গোটা স্টেডিয়াম। কোচ লিওনেল স্ক্যালোনি প্রধান তারকাকে অতিরিক্ত চাপ না দিয়ে শেষ ২০ মিনিটের জন্যই মাঠে নামান।

মাঠে নেমেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন মেসি। এটি ছিল ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে তাঁর ৯১১তম গোল এবং আর্জেন্টিনার হয়ে ১১৭তম।

মেসির নামার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে এজেকুয়েল বার্কোর গোলে এগিয়ে যায় দলটি। মেসি ব্যবধান দ্বিগুণ করার পর থিয়াগো আলমাদার চমৎকার ফিল্ড গোলে জয় নিশ্চিত হয়।

বিশ্বকাপের আগে শেষ দুটি প্রীতি ম্যাচেই জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী স্ক্যালোনির দল। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।