ডিবি হারুনের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৩৭ এএম
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় তার নামে জমি ও প্লটের সন্ধান পাওয়ার পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।
বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, হারুন অর রশিদ রাজধানীর বনানী ও উত্তরাসহ বিভিন্ন অভিজাত ক্লাবের সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিপুল অর্থ ব্যয় করে এসব ক্লাবের সদস্যপদ নেন। এ ছাড়া প্রভাব খাটিয়ে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ গ্রহণের তথ্যও তদন্তে উঠে এসেছে।
দুদক বর্তমানে হারুন অর রশিদের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত করছে।
তদন্ত কর্মকর্তারা জানান, স্থাবর ও অস্থাবর সম্পদ যেন হস্তান্তর, বিক্রি বা গোপন করা না যায়, সে জন্য আদালতে সম্পদ জব্দ ও ফ্রিজ করার আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মুরশেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এনএইচ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনকে আগামী ১৪ জুন দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে দুদকের মামলার আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদের সম্পদের মূল্য নির্ধারণে গণপূর্ত অধিদপ্তর একটি সমন্বয় কমিটি গঠন করেছে। দুদক জানিয়েছে, আলোচিত এসব মামলার তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ