জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়তে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
রবিবার, ৭ জুন, ২০২৬ ০১:১৪ পিএম | আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ০১:১৪ পিএম
বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
আজ রোববার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের কারণে অনেক পুরোনো পেশায় কর্মসংস্থান ঝুঁকিতে পড়েছে, একই সঙ্গে নতুন ক্ষেত্রেও সুযোগ সৃষ্টি হচ্ছে। এই বাস্তবতায় সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
তারেক রহমান বলেন, উচ্চশিক্ষা নিয়েও অনেককে বেকার থাকতে হচ্ছে, কারণ ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার অভাব। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় 'সিড ফান্ডিং' বা 'ইনোভেশন গ্র্যান্ট' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিখলে দেশে-বিদেশে কোথাও চাকরির অভাব হবে না। তিনি বলেন, দেশের তারুণ্যকে যদি প্রযুক্তি, জ্ঞান ও বিজ্ঞানে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়, তাহলে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়ে উঠতে পারবে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী