চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক, ফিরলেন সোহানও
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:১২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:১২ এএম
দীর্ঘ প্রায় চার বছরের বিরতি শেষে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। মোসাদ্দেকের পাশাপাশি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানও জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন।
সর্বশেষ ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে সিরিজের দলের তুলনায় এবার আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় এই দুজনকে দলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজে মাহিদুল একটি ম্যাচও খেলার সুযোগ পাননি এবং আফিফ একমাত্র ম্যাচে ৪৯ বলে মাত্র ২৭ রান করেছিলেন।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, কৌশলগত কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, "আমরা মাহিদুলকে খুব বেশি সুযোগ দেইনি। আফিফেরও হয়তো আরও কিছুটা বেশি সুযোগ পাওয়া উচিত ছিল। এই মুহূর্তে আমরা কৌশলগত কিছু পরিবর্তন করেছি।"
মোসাদ্দেকের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই মুহূর্তে মোসাদ্দেক ব্যাটিংয়ে বেশ ভালো করছে। ছয় নম্বরে তার ব্যাটিং দক্ষতা আমাদের কাজে আসবে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে।"
চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের হয়ে ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করে চমক দেখিয়েছেন মোসাদ্দেক। একই টুর্নামেন্টে সোহানও ৮ ইনিংসে করেছেন ২৪৮ রান। টিম ম্যানেজমেন্ট সোহানকে মিডল অর্ডারে, বিশেষত ছয় ও সাত নম্বর পজিশনের জন্য শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
আগামী ৯ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দুটি ম্যাচ একই মাঠে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচের স্কোয়াড পরবর্তীতে ঘোষণা করা হবে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে।
প্রথম ও দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আরও পড়ুন
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়
- ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- বকেয়া পারিশ্রমিকের দাবিতে ম্যাচ বয়কট, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক
- যোগ করা সময়ে সাগরিকার গোল, টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
- এলপিএলে ৫ বাংলাদেশি ক্রিকেটার, জাফনায় সাকিব-তাসকিন