1. »
  2. সমগ্র দেশ

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশত

বুধবার, ৩ জুন, ২০২৬ ০৬:৩৪ পিএম | আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ০৬:৩৪ পিএম

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জ সদরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল সমর্থকদের দল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে মাইকে একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে ওই ঘটনার জেরে পরদিন বুধবার দুপুরে দুই পক্ষের লোকজন আবার তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ণমাত্রায় সংঘর্ষ শুরু হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

ওসি মো. জাহিদুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।